কাজল মিত্র, কুলটি:-আসানসোলের কুলটি থানার অন্তর্গত চৌরাঙ্গী ফাঁড়ি এলাকায় শুক্রবার রাতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটতে গিয়েও অল্পের জন্য বড়সড় বিপর্যয় এড়ানো গেল। কয়লাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে কল্যাণেশ্বরী রোডে, ডুবুরডিহি-কল্যাণেশ্বরী সংযোগ সড়কের উপর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে কল্যাণেশ্বরীর দিকে যাচ্ছিল। সেই সময় আচমকাই চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। রাস্তার ধারে থাকা নিকাশিতে একটি চাকা ঢুকে পড়তেই ভারসাম্য হারিয়ে পাশের একটি দোকানের সামনে উল্টে যায় ট্রাকটি।
ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই, যা বড় স্বস্তির। তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার নিকাশি ব্যবস্থা, দোকানের সামনের শেডের একটি অংশ এবং একটি বিদ্যুতের খুঁটি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় রাস্তাটি সরু ও বাঁকযুক্ত হওয়ায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিশ। পরে ট্রাকটি সরানোর কাজ শুরু হয় এবং যান চলাচল স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হয়। এই ঘটনায় ফের জাতীয় সড়ক সংলগ্ন এই রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

