অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
সমস্ত ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে জোর তৎপরতা বাড়াল জেলা পুলিশ প্রশাসন। রবিবার একাধিক থানায় পরিদর্শনে যান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ড. প্রণব কুমার। কুলটি, সালানপুর, চিত্তরঞ্জন এবং বারাবনি-এই চার থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করেন এবং এলাকার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি ১৯ নং জাতীয় সড়কের ডুবুরডিহি চেকপোস্টে জোরদার নাকা চেকিংয়ের নির্দেশ দেন। ভিন রাজ্য থেকে অস্ত্র, নগদ বা বেআইনি সামগ্রী প্রবেশ রুখতেই এই কড়াকড়ি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কমিশনারের সঙ্গে ছিলেন ডিসি পশ্চিম এবং এসিপি কুলটি।

