কণিকা বর্মন
(রাজাপুর, দক্ষিণ দিনাজপুর)

মহারণ
দিকে দিকে তারই আয়োজন
সাজো সাজো রব
বাংলার ঘরে ঘরে
অমায়িক দরবারে
মতামত জেনে নিতে
ফুল আর ফল পেতে
দুয়ারে নাড়ছে কড়া
জনতারই জন উৎসব
নানান কালিতে
নানান ছবিতে
পোস্টারে দেওয়ালে
সমাবেশে মিছিলে
ঝুনো শহর থেকে বুনো গ্রাম
ক্ষমতা দখলের এই মহারণে
স্লোগানের পিছে পাল্টা স্লোগানে
নীতি ও কৃতিত্বে চলছে দলীয় বনাম
আসছে প্রবাসী
আসছে পরিযায়ী
ছিল যারা দূরে
সুখ সাধ পুড়ে
সব দায় ফেলে
ব্রত বাধা ঠেলে
ফিরছে তারা নিজেদের হিতে
নাগরিক পরিচয়ে
উৎসবে যোগ দিতে
আসছে শঙ্খ
আসছে আতঙ্ক
কী জানি কী আছে শেষটায়
মার কাট করে
বোমা গুলি ছুঁড়ে
অবুঝেরা বৃথা মরে
মূর্খতার সততায়
কেবল সবুঝেরা বোঝে তফাৎ
কোনটা শিকার কোনটা ফাঁদ
বুঝে যুঝে ঘুঁটির চালে
তারাই করে বাজিমাত।
