রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
শুক্রবার আসানসোলে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকে হাতে ত্রিশূল নিয়ে রামনবমীর মিছিলে শামিল হতে দেখা গেল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। উল্লেখ্য, রামনবমী উপলক্ষ্যে আসানসোলের বিভিন্ন প্রান্তের সঙ্গে ফতেপুর এলাকায় বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে, হাতে গেরুয়া পতাকা ও ধর্মীয় প্রতীক নিয়ে এবং ‘জয় শ্রীরাম’ ধ্বনি সহযোগে শোভাযাত্রায় বিপুল সংখ্যক পুণ্যার্থী অংশগ্রহণ করেন।
এই শোভাযাত্রায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল শামিল হন। তার উপস্থিতি শোভাযাত্রার রাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে দেয়। কিন্তু তার হাতে ধরা একটি ত্রিশূল এলাকার সাধারণ মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। পাশাপাশি রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি করে। শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।
তৃণমূল নেতৃত্বের দাবি, নির্বাচনের মুখে ধর্মীয় মেরুকরণ করতেই বিজেপি অস্ত্র নিয়ে মিছিল করছে। এতে এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে।
হাতে ত্রিশূল নেওয়া প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে বলেন,”ত্রিশূল আমাদের হিন্দু ধর্মের প্রতীক। দেবী দুর্গা ও ভগবান শিবের হাতেও ত্রিশূল থাকে। আমরা শক্তির পূজারি। অশুভ শক্তি বিনাশের জন্য এই প্রতীক ধারণ করা কোনো অপরাধ নয়। এর মধ্যে প্ররোচনার কোনো জায়গা নেই। যারা বাধা দিচ্ছে, তারা আমাদের সংস্কৃতি বোঝেনা।”
শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীকে অত্যন্ত সতর্ক দেখা যায়। সংবেদনশীল এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হয় এবং যাত্রাপথে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।

