মনীষা মুখার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
বর্ষার ঝমঝম বৃষ্টি, জানলার বাইরে ঘুটঘুটে অন্ধকার আর হাতে এক কাপ গরম চা- এমন আবহে যদি সঙ্গী হয় হাড়হিম করা ভূতের গল্প, তবে তার চেয়ে রোমাঞ্চকর আর কী হতে পারে? পাঠকদের এই বিশেষ অভিজ্ঞতার স্বাদ দিতেই ফ্লাইওভার পাবলিকেশন্স প্রাইভেট লিমিটেড প্রকাশ করতে চলেছে ‘বাদলা রাতের কুহকিনী’।
বইটি মূলত একটি ভৌতিক গল্প সংকলন যেখানে বারোজন স্বনামধন্য লেখক-লেখিকার গল্প রয়েছে। সম্পাদনার গুরুভার সামলেছেন জনপ্রিয় লেখিকা সঞ্চারী ভট্টাচার্য্য।
জানা গেছে, এই সংকলনটিতে এমন সব গল্প স্থান পেয়েছে যা চিরাচরিত ভৌতিক গল্পের ছক ভেঙে পাঠকদের মনে এক অজানা শিহরণ জাগিয়ে তুলবে। গ্রামবাংলার অলৌকিক লোককথা থেকে শুরু করে আধুনিক শহুরে আবহের অতিপ্রাকৃত গল্প- সবকিছুর এক অনন্য মিশেল রয়েছে এখানে। সঞ্চারী ভট্টাচার্য্য-এর মুন্সিয়ানায় প্রতিটি গল্পই তার নিজস্ব গতি ও রহস্য বজায় রেখেছে। বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ এমনভাবে তৈরি করা হয়েছে যা পাঠকদের হাতে পৌঁছানোর আগেই এক রহস্যময় পরিবেশ তৈরি করবে।
প্রকাশকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভালো মানের মৌলিক ভৌতিক সাহিত্যের যে চাহিদা পাঠকদের মধ্যে রয়েছে, তা পূরণ করতেই এই উদ্যোগ। ‘বাদলা রাতের কুহকিনী’ কেবল ভৌতিক গল্পের বই নয়, বরং এটি মানুষের অবচেতন মনের ভয় আর কুহকের এক অদ্ভুত দলিল।
সম্পাদিকা সঞ্চারী ভট্টাচার্য্য বললেন, ”বৃষ্টিভেজা রাতের নিস্তব্ধতা আর অলৌকিক জগতের হাতছানি-এই দুয়ের যোগসূত্রই হলো বাদলা রাতের কুহকিনী।”
আসন্ন এই সংকলনটি ঘিরে ইতিমধ্যেই বইপ্রেমীদের মধ্যে বেশ উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। এখন শুধু অপেক্ষা বইটির আত্মপ্রকাশের এবং পাঠকদের সেই রহস্যময় জগতে হারিয়ে যাওয়ার।

