অনন্ত রুইদাস, অন্ডাল:-
রবিবার সকালে অন্ডালের অরবিন্দ নগর মেলা তলা এলাকার ডায়মন্ড হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের পরিবারের সদস্যরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান এবং ভাঙচুর চালান।
পরিবারের অভিযোগ, চিকিৎসার সময় গুরুতর অনিয়ম ও অবহেলার কারণে রোগীর মৃত্যু হয়েছে। এক আত্মীয়ের দাবি, আইসিইউ-তে গিয়ে দেখা যায় রোগীকে রক্ত দেওয়ার সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তাঁর অভিযোগ, “রক্তের ব্যাগ ঝুলিয়ে রাখা হলেও বাস্তবে শরীরে রক্ত প্রবেশ করানো হচ্ছিল না, শুধুমাত্র পরিবারের সদস্যদের আশ্বস্ত করার জন্য তা দেখানো হচ্ছিল।”
এছাড়াও রোগীর শরীরে আঘাতের চিহ্ন নিয়েও প্রশ্ন তোলেন পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, রোগীর দাঁত ভেঙে গিয়েছিল, যা থেকে চিকিৎসা পদ্ধতি নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়।
পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, পাথরের (স্টোন) অপারেশনের জন্য এত বেশি রক্তক্ষরণের বিষয়টি অস্বাভাবিক। এই বিষয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলতে গেলে তিনি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন বলেও অভিযোগ। পরিবারের দাবি, চিকিৎসক নাকি বলেন, “বিশ্বাস না হলে ময়নাতদন্ত করে দেখুন,”— যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
ঘটনার খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক দেখে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীর সুস্থতার পূর্ণ দায়িত্ব নিতে হবে এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার ব্যবস্থা করতে হবে।
তবে এই ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ নজরদারি চালাচ্ছে।




