মমতা-অভিষেককে তীব্র আক্রমণ অমিত শাহের: পরিবর্তনের ডাক শিল্পাঞ্চলে

মমতা-অভিষেককে তীব্র আক্রমণ অমিত শাহের: পরিবর্তনের ডাক শিল্পাঞ্চলে

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

        আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে দলীয় প্রার্থীদের সমর্থনে সোমবার পশ্চিম বর্ধমানের খান্দরায় এক বিশাল জনসভায় যোগ দিয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জ্জী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জ্জীকে বেনজির ভাষায় আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, “বাংলায় এবার তোলাবাজ  পিসি-ভাইপোর সরকারের বিদায় নিশ্চিত।”

      ​    উপচে পড়া ভিড়ের সামনে দাঁড়িয়ে অমিত শাহ সরাসরি অভিযোগ করেন, “দিদি কেবল তার ভাইপোকে প্রতিষ্ঠিত করতে ব্যস্ত, অথচ বাংলার যুবকরা কাজের জন্য  ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে।”  নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা ও বালি পাচার ইস্যু তুলে ধরে তিনি বলেন, “তৃণমূলের আমলে সিন্ডিকেট রাজ চরমে পৌঁছেছে। কয়লা মাফিয়াদের প্রশ্রয় দিচ্ছে এই পিসি-ভাইপোর সরকার।” একসময়ের সমৃদ্ধ শিল্পাঞ্চলের করুণ  পরিণতি নিয়ে তৃণমূল সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে শাহের প্রতিশ্রুতি, “বিজেপি ক্ষমতায় এলে এই অঞ্চলে প্রকৃত শিল্পায়ন হবে এবং ভূমিপুত্ররা কাজ পাবে।”

        খনি এলাকায় নির্বাচনী প্রচারে এসে রাজ্যের আইনশৃঙ্খলা,দূর্নীতি,অনুপ্রবেশ সহ একাধিক ইস্যু তুলে রাজ্য সরকারকে বেলাগাম আক্রমন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিন্ডিকেট ও দুর্নীতি নিয়ে রাজ্যের বর্তমান শাসন ব্যবস্থাকে ‘মাফিয়া রাজ’ বলে কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সিন্ডিকেট রাজ আসলে ‘ভাইপোর সিন্ডিকেট’। খান্দরার ‘বিজয় সংকল্প সভা’ থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন অমিত শাহ। সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, “মমতা সরকারের পতন মানেই অনুপ্রবেশ মুক্ত বাংলা।” তিনি এই রাজ্যে মহিলা নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিয়েও মমতা ব্যানার্জ্জীকে আক্রমণ করেন। জেলার নয়টি বিধানসভা আসনেই বিজেপি প্রার্থীদের জেতানোর আহ্বান জানান তিনি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *