দেশের সেবায় প্রাণ বিসর্জন: বীরভূমের ‘অগ্নিবীর’-এর 

দেশের সেবায় প্রাণ বিসর্জন: বীরভূমের ‘অগ্নিবীর’-এর 

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -:

         দেশমাতৃকার সুরক্ষায় নিজের জীবন উৎসর্গ করলেন বীরভূমের এক লড়াকু তরুণ। জম্মু-কাশ্মীরে কর্তব্যরত অবস্থায় আকস্মিক মৃত্যু হল বীরভূম জেলার মল্লারপুর থানার সোঁজ গ্রামের বাসিন্দা, ২৪ বছর বয়সী ‘অগ্নিবীর’ অনুপম মণ্ডলের। শুক্রবার সকালে এই মর্মান্তিক সংবাদ গ্রামে পৌঁছাতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

        ​পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ অনুপম তাঁর মা মল্লিকা মণ্ডলের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। মা ও বাড়ির অন্যদের সঙ্গে কথোপকথন ছিল অত্যন্ত স্বাভাবিক। কিন্তু সেই হাসি-খুশি আড্ডার রেশ কাটতে না কাটতেই ঘনিয়ে আসে অন্ধকার। গভীর রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে ফোন এলেও ঘুমে মগ্ন থাকায় পরিবারের সদস্যরা তা টের পাননি। শুক্রবার সকালে পুনরায় সেনার তরফে যোগাযোগ করে জানানো হয়, অনুপম আর নেই। একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা রামপ্রসাদ মণ্ডল ও মা মল্লিকা দেবী।

           ​অনুপম ছিলেন অদম্য জেদ আর দেশপ্রেমের প্রতীক। কঠোর পরিশ্রমের মাধ্যমে অগ্নিবীর প্রকল্পে যোগ দিয়ে সীমান্তে গিয়েছেন দেশের মাটি রক্ষা করতে। গত কয়েকমাস ধরে কাশ্মীরের দুর্গম ও প্রতিকূল পরিবেশে পাহারায় মোতায়েন ছিলেন তিনি। যে বয়সে বন্ধুরা কেরিয়ার নিয়ে ভাবেন সেই বয়সে তিনি জীবনের মায়া ত্যাগ করে বিনিদ্র রজনী কাটিয়েছেন সীমান্তে। শুক্রবার তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই সোঁজ গ্রামে ভিড় জমিয়েছেন শোকাতুর প্রতিবেশী ও স্বজনরা।

         ​অনুপমের এই অকাল প্রয়াণ বীরভূম জেলার জন্য এক অপূরণীয় ক্ষতি। কর্তব্যরত অবস্থায় তাঁর এই মৃত্যু নিয়ে শোকের পাশাপাশি চাপা হাহাকার তৈরি হয়েছে জনমানসে। এক বীর সেনানীকে হারিয়ে আজ স্তব্ধ মল্লারপুর। তাঁর আত্মত্যাগ শুধু বীরভূম নয়, সমগ্র দেশের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশমাতৃকার চরণে নিজেকে সঁপে দেওয়া এই তরুণ তুর্কিকে বিনম্র শ্রদ্ধায় ও চোখের জলে সেলাম জানাচ্ছে আপামর জেলাবাসী। ‘​অনুপম মণ্ডল, তুমি অমর রহে।’

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *