রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
সোমবার রাজ্যের ২৯৩টি আসনের সাথে পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা। এই হাইভোল্টেজ দিনটিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা রুখতে রবিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানায় এক গুরুত্বপূর্ণ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো। এসিপি (হিরাপুর) মিহির কুমার দের উপস্থিতিতে এই বৈঠকে তৃণমূল, বিজেপি ও কংগ্রেসের প্রতিনিধিরা যোগ দেন।
পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, গণনা চলাকালীন বা ফল ঘোষণার পর কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। প্রতিটি রাজনৈতিক দলকে তাদের কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিতে বলা হয়েছে।
আসানসোল দক্ষিণ ব্লক তৃণমূল সভাপতি পূর্ণেন্দু চৌধুরী জানান, অভিষেক ব্যানার্জ্জীর নির্দেশ মেনে তারা শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর। গত বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতার কথা মাথায় রেখে বিজেপি নেতা জয়দীপ দে আশা প্রকাশ করেন, এবার যেন ভোটের পরবর্তী পরিবেশ শান্তিপূর্ণ থাকে।
গণনার নিরাপত্তায় পশ্চিম বর্ধমানের নয়টি আসনের জন্য দুটি স্ট্রংরুম করা হয়েছে। রবিবার বিকেল থেকেই হিরাপুর সহ শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। রাস্তায় রাস্তায় বাড়ানো হয়েছে নাকা তল্লাশি ও সিসিটিভি নজরদারি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন যে কঠোর অবস্থানে, তা এদিনের সক্রিয়তা থেকেই স্পষ্ট।



