রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামীকাল। পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভা আসনের ভাগ্য নির্ধারণের জন্য ৪ মে ভোটগণনাকে কেন্দ্র করে প্রশাসনের তরফে চূড়ান্ত প্রস্তুতি সারা হয়েছে। দুই মহকুমার গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং দুর্গাপুর গভর্নমেন্ট কলেজকে গণনাকেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে।
আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে রানীগঞ্জ, জামুড়িয়া, কুলটি, বারাবনি এবং আসানসোল উত্তর ও দক্ষিণ—এই ছয়টি আসনের ফল ঘোষণা হবে। প্রতিটি আসনের জন্য বরাদ্দ করা হয়েছে দুটি করে কক্ষ। আসানসোল উত্তর কেন্দ্রে ৩১৩টি বুথ থাকায় সেখানে প্রতি দফায় ২৪টি করে বুথের গণনা চলবে, যা প্রায় ১৩ দফায় শেষ হওয়ার কথা। বাকি আসনগুলিতে ১৮টি করে টেবিলে গণনা চলবে।
অন্যদিকে, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পশ্চিম ও পূর্ব আসনের গণনা হবে। এখানে প্রতি কক্ষে ১৬টি করে টেবিল রাখা হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রগুলি। সিসিটিভি নজরদারির পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন থাকছে। গণনাকেন্দ্রের বাইরে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোটসহ নির্দল প্রার্থীদের জন্য পৃথক শিবির তৈরির জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। টানটান উত্তেজনার মধ্যে এখন কেবল ব্যালট ও ইভিএম খোলার অপেক্ষা।

