রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
ভোট মিটলেও গণনার ফল প্রকাশের পর থেকেই পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। হিংসা ও বিশৃঙ্খলার খবর আসতেই নজিরবিহীন কড়াকড়ি শুরু করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার এক জরুরি সাংবাদিক বৈঠকে জেলাশাসক এস পোন্নামবলম এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার স্পষ্ট জানিয়ে দিলেন, আইনশৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করা হবে না।
পুলিশ কমিশনার জানান, অশান্তি ও হিংসাত্মক ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইতিমত্যে প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কড়া হুঁশিয়ারি, “রাজনৈতিক দল বা কোনো সরকারি প্রতিষ্ঠান দখল করার চেষ্টা করলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না।”
অন্যদিকে, জেলাশাসক শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে বলেন, “কেউ আইন নিজের হাতে তুলে নিলে প্রশাসন নির্দয়ভাবে হস্তক্ষেপ করবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি বাড়াতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের টহলদারি চলছে। পাশাপাশি সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা রুখতে জেলাজুড়ে পুলিশি তৎপরতা তুঙ্গে। প্রশাসনের এই কঠোর অবস্থানের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও জেলা জুড়ে চাপা উত্তেজনা বজায় রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।



