শিল্পাঞ্চলে অব্যাহত হিংসা: পুলিশের দ্বারস্থ তৃণমূল নেতৃত্ব

শিল্পাঞ্চলে অব্যাহত হিংসা: পুলিশের দ্বারস্থ তৃণমূল নেতৃত্ব

​রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

          বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পশ্চিম বর্ধমান জেলা জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক অস্থিরতা। ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলে এবং ঘরছাড়া কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার বিকেলে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

       ​বিদায়ী মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে পুলিশ কমিশনারের দপ্তরে যান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিধান উপাধ্যায় ও হরেরাম সিং। মলয় বাবু অভিযোগ করেন, আসানসোল শিল্পাঞ্চল জুড়ে নজিরবিহীন সন্ত্রাস চলছে। তার দাবি, “জেলার প্রায় ১ হাজার তৃণমূল কর্মী বর্তমানে ঘরছাড়া। কয়েকশো দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এমনকি কাউন্সিলার ও পঞ্চায়েত প্রধানদের বাড়িতেও হামলা চালানো হচ্ছে।”

       ​তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপির জয়ী প্রার্থীরা মুখে শান্তির কথা বললেও বাস্তবে তাদের কর্মীরা প্রতি ঘণ্টায় কোথাও না কোথাও হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরানো এবং দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। এর আগে শিল্পাঞ্চলে এমন পরিস্থিতি কখনও দেখা যায়নি বলেও দাবি করেন মলয় ঘটক। 

        অন্যদিকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। শিল্পাঞ্চলের এই উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়াই এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *