কণিকা বর্মন (বালুরঘাট)

এক ছাদের তলায় থাকা হল না
মেঝে বরাবর উঠে এল বর্ণভেদ ও সংস্কার
তাই তৈরির আগেই ভেঙে পড়ল গৃহ ভিত
তুমি ভুলে গেলে আমাকে দেওয়া বীরত্বের কথা
একটা দলিত গোষ্ঠীর মতো অতি সহজে নতজানু হলে
সদ্য ভেঙে পড়া গৃহস্থালির উপর
তোমার সেই ভঙ্গি আমাকে যাতনা দিল
তাই আমিও বসে পড়লাম তোমার কাছে, একইভাবে
বুঝলাম,বিলাসিতা করে পৌষের রোদ পোহাবার
সময় বা সত্তা আমাদের কারোর কাছেই নেই
সেই রোদ মিষ্টি হতে আরো একটা জন্ম দরকার
ততদিনে দুজনেই হারিয়ে যাব দুই পৃথিবীতে
এখনো ঢিবির উপর নালি খাস ওঠেনি
এখনো অঙ্কুরিত হয় নি কোনো আগাছার বীজ
বরং এই নিকানো বেলার বৈশাখী দুপুরে
দু’জনেই তাতিয়ে নিই দু’খানা পছন্দের ইট
