রিমা ঘোষ, ফাইনাল এক্সপোজার -:
সোমবার পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ ঐতিহাসিক ও সংস্কারমুখী সিদ্ধান্ত নেওয়া হলো। বৈঠক শেষে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, আগামী জুন মাস থেকে ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে দেওয়া সমস্ত রকম ভাতা এবং মাদ্রাসার উন্নয়ন তহবিল সম্পূর্ণ বন্ধ করা হচ্ছে।
পূর্বতন তৃণমূল জমানায় চালু হওয়া ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের মাসিক ভাতা মে মাস পর্যন্ত দেওয়া হলেও, পরের মাস থেকে তা আর মিলবে না। মন্ত্রী স্পষ্ট করেন, নতুন সরকার ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্যমূলক আর্থিক সুবিধা বা বিশেষ তহবিল বরাদ্দ করবে না। রাজ্যের প্রায় ৯ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা সামাল দিতেই এই পদক্ষেপ।
পাশাপাশি, সাধারণ মহিলাদের জন্য দুটি বড় ঘোষণা করেছে মন্ত্রিসভা। আগামী ১ জুন থেকে রাজ্যের যেকোনো প্রান্তে সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে জুন মাস থেকে চালু হচ্ছে “অন্নপূর্ণা ভাণ্ডার” প্রকল্প। বর্তমান ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রাপকেরা স্বয়ংক্রিয়ভাবেই এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন। বাকিদের নাম অন্তর্ভুক্তির জন্য দ্রুত একটি বিশেষ পোর্টাল চালু করা হবে। তোষণের রাজনীতি ও ‘রেউরি সংস্কৃতি’ দূর করে রাজ্যের সার্বিক অর্থনৈতিক সংস্কারে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

