রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে চিত্তরঞ্জন ও সিমজুড়ি এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগে তিন তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ চিত্তরঞ্জন থানার সামনে এক শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।
বিজেপির মন্ডল সভাপতি আদিত্য তেওয়ারির অভিযোগ, ওই সময় তৃণমূল নেতা শ্যামল গোপ, মিঠুন মন্ডল ও অমিত চক্রবর্তী পরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছিলেন। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ওই নেতারা বারাবনি মন্ডল ৫-এর প্রাক্তন বিজেপি সভাপতির বাড়ি ভাঙচুর, কর্মীদের মারধর ও এলাকায় অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘ সময় পার হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তবে চিত্তরঞ্জন থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক উত্তেজনার আবহে এখন পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে সংশ্লিষ্ট এলাকা।




