নির্বিঘ্নে সম্পন্ন হলো উলুবেড়িয়া কেন্দ্রের লোকসভা ভোট

রিমা ঘোষ, আমতা:- ছোটখাটো দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কার্যত নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো হাওড়া উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের ভোট পর্ব। কোনো বড়রকম গন্ডগোল ও অশান্তির খবর পাওয়া যায়নি। শাসক ও বিরোধী দলের পক্ষ থেকে ভোট নিয়ে নির্বাচন কমিশনের কাছে কোনো অভিযোগ করা হয় নি। খুশি সাধারণ মানুষ। এরকম ঘটনা বিহীন ভোট শেষ কবে হয়েছিল সেটা প্রবীণরাও ঠিকমত বলতে পারলেননা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই কেন্দ্রে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৭৪.৫ শতাংশ। তার পরেও বেশ কিছু বুথে ভোট গ্রহণ চলছে। সেক্ষেত্রে ভোট শতাংশের হার আরো সামান্য কিছু হলেও বাড়তে পারে। যদুরবেড়িয়া বালিকা বিদ্যালয়ে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ। ভোট দিয়ে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলেন, উলুবেড়িয়ার মানুষ আমাকে দু'হাত ভরে আশীর্বাদ ও দোয়া করেছেন। তাই আগামী ৪ঠা জুন রেজাল্ট বেরোলে আমি আশাবাদী গতবারের তুলনায় বেশি ভোটে জিতব।

অন্যদিকে উলুবেড়িয়া হাইস্কুলের ২২১ নং বুথে ইভিএম যন্ত্র বিগড়ে যায়। ফলে ভোট শুরু হতে প্রায় দু’ঘন্টা দেরি হয়। নির্বাচন কমিশন সূত্রের খবর মোট ৩০ টি বুথে ইভিএম বিগড়ে যায়। ওই কেন্দ্রেই ভোট দিতে আসেন বিজেপি প্রার্থী অরুণউদয় পাল চৌধুরী। সকাল থেকে প্রায় ১ ঘন্টা ৪০ মিনিট দীর্ঘ সময় ধরে ভোটের লাইনে দাঁড়িয়ে আমতা রামসদয় কলেজের ভোট কেন্দ্রে ভোট দেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি। যদিও শান্তিপূর্ণ ভোটের মাঝে হাওড়ার আমতায় সাময়িক উত্তেজনা ছড়ায়। সেখানে বিজেপির বুথ সভাপতির ভাইপোকে আক্রমণের অভিযোগ ওঠে তৃনমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফে গোটা বিষয়টি অস্বীকার করা হয়েছে। হাওড়া জেলার একমাত্র মডেল ভোট কেন্দ্র দেখা গেছে বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়ে। এখানে দুটি বুথে প্রায় আড়াই হাজার ভোটার একদম বিয়ে বাড়ির আমেজে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। পুরো ভোট চত্বর সাজানো হয়েছে বিয়ে বাড়ির আদলে। ছিল নির্বাচন কমিশনের বিভিন্ন ট্যাবলো ও কুলার। এই ভোট কেন্দ্রটি সম্পূর্ণ মহিলা ভোটকর্মীদের দ্বারা পরিচালিত বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *