পড়ুয়াদের জন্য শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ হাই স্কুল

রিমা ঘোষ, আমতা, হাওড়া:-

অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে যখন একরাশ অভিযোগ উঠছে তখন দীর্ঘদিন ধরে পাঠদান থেকে শুরু করে সৌন্দর্যায়ন, বিদ্যালয়ের শিশুদের জন্মদিন পালন, খেলাধুলা, স্বাস্থ্য পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সহ বিভিন্ন ক্ষেত্রেই বৈচিত্র্যের পরিচয় দিয়ে চলেছে বিখ্যাত আমতা নিত্যানন্দ হাই স্কুল।

এতদিন ওদের পৃথিবী ছিল ‘খিড়কি থেকে সিংহদুয়ার’। অন্যরা যখন শীতকালে বেড়াতে যায়, ওরা তখন আড়ালে বসে দীর্ঘশ্বাস ফেলে। যেখানে দু’বেলা সন্তানদের মুখে দু’মুঠো খাবার তুলে দিতে ওদের গরীব মা-বাবা হিমশিম খায় সেখানে সন্তানদের নিয়ে বেড়াতে যাওয়াটা ছিল দুঃস্বপ্ন, বিলাসিতা। ফলে ওদের মনের মধ্যে একটা আফসোস থেকেই গিয়েছিল। সেই আফসোস দূর করার জন্য এবারও ওদের জন্য শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে গত ১৮ ই ডিসেম্বর দুটি রিজার্ভ বাসে চেপে একাদশ শ্রেণীর সমস্ত শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সহ মোট ১১৮ জনের একটি দল মহানন্দে বেরিয়ে পড়ে শিক্ষামূলক ভ্রমণে। এবার ওদের গন্তব্যস্থল ছিল বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়। সেখানে পৌঁছে প্রাকৃতিক সৌন্দর্য দেখে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। শুধু ভ্রমণ নয় ওদের জন্য টিফিন ও মধ্যাহ্নভোজনেরও ব্যবস্থা করেছিল বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোকেশ চক্রবর্তী জানান – ওদের মনস্তত্ত্ব আমরা ভালভাবেই বুঝতে পারি। ওদের অবচেতন মনের সুপ্ত ইচ্ছে পূরণ করার জন্য শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করলাম।তিনি আরও বলেন, এগুলো দিনের দিন হারিয়ে যাচ্ছে। খেলাধুলা, হাতের কাজ, শরীরচর্চার পাশাপাশি শিক্ষামূলক ভ্রমণ আমাদের সহপাঠক্রমিক কার্যক্রমের একটা অংশ।
সামাজিক কিছু,ভয়ের কারনে এগুলো হারিয়ে যাচ্ছে, কিন্ত এটা আমরা আবার আস্তে আস্তে ফিরিয়ে আনার চেষ্টা করছি।এটা আমাদের প্রতিবছরের মত এবছরও হল।এবার বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় ভ্রমন করানো হলো যাতে ছাত্রদের মধ্যে প্রকৃতিক বিষয়ে অভিজ্ঞতা বাড়ে।
ওদের মুখের সরল ও পবিত্র হাসি আমাদের সবচেয়ে বড় প্রাপ্য।এতে শিক্ষার্থীরা সহ তাদের অভিভাবক অভিভাবকীকারা সকলেই খুশি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *