বয়সটা শুধু সংখ্যা নয়

তিতলী রায় (কলকাতা)

সময়ের সাথে জীবনের চলার গতি ক্রমশঃ নিম্নমুখী
কতো চড়াই উৎরাই পেরিয়ে এগিয়ে চলেছি আজও,
তবুও মন পাগলপারা নেশা লাগে চোখে মুখে
কখনও বা পথের বাঁকে মিলিয়ে গেছে খোঁজও।

বয়সটা শুধু সংখ্যা নয় জীবনের ওঠা-নামা
ক্লান্ত পথিক খুঁজে ফেরে আপন পথের দিশা,
দিনান্তে যেমন বেলা শেষের সূর্যাস্তের পালা আসে
সময়ের সাথে বয়সেরও অসামঞ্জস্য বিধিনিষেধ জাগায় আশা।

কতো বসন্ত এলো গেলো কতো আবারও আসবে
কতো কথাই হয়নি বলা আছে বুকে জমা,
রাতের আঁধারে নিঃশব্দে বাড়ছে বুকের হাজার ব্যথা
সময় জানি বইছে ধেয়ে নেইকো কারো ক্ষমা।

জোনাকি জোছনা তারায় ভরা দিঘি বটের ছায়া
মেলছে ডানা হাজার স্বপ্ন ভাঙছে অজস্র ফাটল,
মনের কথা বলবো কাকে কেউ নেইকো কোথা
আকাশ কুসুম ভাবতে ভাবতেই চোখে অশ্রু অতল।

বেলা শেষের সূর্যাস্ত বলছে এবার ফেরার পালা
হয়নি বলা অনেক কথা,যা ছিলো আজ বলার,
প্রভাত ফেরীতে পাখির কুজন নতুন জগৎ দেখা
চেনা অচেনা পথের বাঁকে মিলিয়ে যেতে আবার।

সুনীল আকাশ কালো মেঘের আনাগোনা চলছে জীবনে
জীবন খাতায় নাম লিখে যায় না তো মোছা,
স্মৃতি চিহ্ন বড়োই কঠিন শুধুই বয়ে চলা
আসল নকল চেনা দায় কেমনে যায় বাছা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *