কলকাতা ✍ Final Exposer

যদি চাও

যদি চাও

পূজা দাস বোস (কলকাতা)

যদি আবার আসি
গাছের মত ছায়া দেবো তোমাদের
সারাদিন রোদে পুড়ে দুদন্ড জিরিয়ে যেও,
এখানে মূলের মধ্যে সূর্যের বাস
নীচে অবিরাম জলের ধারা।

যদি চাও পারাপারে নদী হব
অথবা নৌকা
বুক পেতে দেবো তোমরা চাওয়া-পাওয়ার পাত্র পূর্ণ করে নিও,
যদি কখনও ঝড়ের সামনে ভয় হয়
আমি পাহাড় হয়ে দাঁড়াব তোমরা আশ্রয় নিও।

কিন্তু কখনও মানুষ হতে বলোনা
মানুষের মন মাটির থেকেও নরম
মৃত পাতার থেকেও হালকা হয় শরীর,
ভারহীন ভারে ভেসে যায় সে
ভালোবাসার জ্বরে পুড়ে যায় তবু ছাই হয় আগুনে।

মানুষ মরা নদীর মত শুকনো শরীর নিয়ে
সভ‍্যতার বুকের উপর দাঁড়িয়ে থাকে,
সে কথা বলতে পারেনা
তার দুঃখ নেই
তার কান্না নেই
তার কোনো ব‍্যথা নেই।

তবু বিশুদ্ধ বাতাসে এক আকাশ ভরা মেঘ,
যদি চাও আমি বৃষ্টি নিয়ে আসি
কিন্তু কখনও মানুষ হতে বলোনা আমায়।
যদি আবার আসি
গাছের মত ছায়া দেবো তোমাদের।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার