কলকাতা ✍ Final Exposer

আমি কিন্তু কিছুই বলিনি

আমি কিন্তু কিছুই বলিনি

কালো ভ্রমর (কলকাতা)

কেনো এতো প্রশ্ন করো বলতো?
বুকের ভেতর উথাল পাথাল বাজে জানোই তো
নরম বালিশে স্বপ্নটাকে আর একটু না হয় ঘুমোতে দাও।

তোমার বইয়ের পাতা যতটুকু উল্টে দেখেছি
তাতে একটাও সহজ প্রশ্ন নেই, ভীষণ জটিল
হ্যাঁ বা না তে উত্তর দেওয়াই যায় না
তবু আবদার উত্তর চাই
উহু আবদার নয় আদেশ..
অগত্যা জেনে শুনে ফাঁদে পা
আর কে বাঁচায় এই কঠিন খেলায়।

কেনো মনে হয় একদল অশ্বমেধের ঘোড়া ছুটে আসছে
আমার সীমান্ত জয় করতে?
পাট কিসে ভাঙ্গে লজ্জাবতী কি জানে?
ভীষণ ভয় হয় জানো
হরিণের মতো প্রাণ হাতে ছুটতে থাকি
ঘন হয়ে আসে শ্বাস
কিজানি যুগ যুগান্তর এভাবেই হয়তো
পুরুষ জয় করে নারীর বিশ্বাস!

আমিও তখন হারতে হারতে বেআব্রু হয়ে যাই
বাঘের পরাক্রমী দুই চোখে,
ভাবতে ভাবতে অসময়ের আগন্তুক কখন যে
সময়ের যাত্রী হয়ে ওঠে!

রাত্রির জঠর চিরে আলোর প্রসব মূহুর্ত
তখনও ভরা জোছনায় ভিজছে জানলার কাঁচ
সব প্রশ্নরা ঘুমিয়ে গেছে উত্তরে…

ভুল, আমি কিন্তু কিছুই বলিনি !!

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার