কলকাতা ✍ Final Exposer

শিহরণ

শিহরণ

সারদা ভট্টাচার্য (কলকাতা)

সেই তো কবেই ভুলেছে মন তাকে
যার কথায় এড়িয়ে গিয়েছে ক্ষণ
আজকে কেন তেমনি কিছু কথায়
আবার তাকে গল্পে অন্বেষণ !

থাক না বাকি পুরোনো যা কিছু
জানতে চাওয়ার অনুভবী ওঠাপড়া
ব্যর্থতা ঢাকা যে গল্পের শুরুটা
শেষটা হোক না নীললোহিতের নীরা !

অভ্যেস তার একারি ছিল সেদিন
কারোর কাছে নিছকই প্রেম বিলাস
প্রতিখন্ড অজ্ঞতার সে মলাট
দায়বদ্ধতার ক্লান্ত আশ্বাস …

সমস্যাটা প্রথম থেকেই বোধহয়
সমাধানের পথটা যদিও ছিল
সেদিন বোঝেনি ভ্রুকুটির কোন্ বাঁকে
শিরা ছুঁয়ে ছুঁয়ে স্খলিত সলিলও ..

দাবীর আগল ছাড়িয়ে যোজন পথ
প্রবাহিত এক শীতল প্রস্রবণ
অপেক্ষারা আজ নেমেছে হিমাঙ্কে
বালিয়াড়ি বুক পাখির ডানায় মন ..

পেরিয়ে গেছে জীবন অনেকটাই
গুছিয়ে নিয়েছে নীল মেঘের খামে
নিজের মতো অমোঘ আকাশে কোন
অচেনা তারায় আঁচল লুটোবে যামে !..

পৃথিবী ভীড়ে স্মৃতি'তে শাওন রাত
একলা পায়ে রঙ মিলান্তি দেশ
হঠাৎ ভেজা মধ্য রাতের চাকায়
জীবনীরা চায় সাজানো সমাবেশ ..

হারিয়ে যাবার ইচ্ছে বড় প্রবল!
প্রতীকী হাওয়া ধূসর আকাশ জুড়ে
তবু কেন ঘুম ভাঙানো সকাল
পা-ডোবানো দৃশ্যপটেই ঘুরে ..

আজকে তাই বইলো তরঙ্গ নদী
লিখলো চিঠি ক্ষতর আফশোসে
আলতো ব্যথার পুরোনো কারুকাজ
আংশিক ফালি চাঁদ হয়ে সে হাসে ..

এ চিঠি তাই খেয়ালি আনাগোনার
ব্যর্থতা ভোলা স্বপ্ন আস্তরণ
ভোরের আকাশ হলই বা ক্যানভাস !
কোলাজে সাজুক কবিতার শিহরণ …

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার