কলকাতা ✍ Final Exposer

পরিচয় খোঁজা

পরিচয় খোঁজা

জয়া সান্যাল (কলকাতা)

দ্রোহের আগুনে পোড়া একটা নগ্ন মানচিত্রে
সীমান্তের শূন্যতায়, বিলীন হয়ে যায় সভ্যতা
আগল আগলে বসে থাকে সময়
জীবনের সিলেবাস লেখার আপ্রাণ চেষ্টায়।

ক্ষুধার রাজ্যের গদ্য , কবিতার আঁচল খোঁজে
শান্তির স্বস্তয়্যনে , বেহিসাবি আটপৌরে জীবনে
গুহা চিত্রে খোদিত হ‌ওয়া শ্লীল অশ্লীল বর্ণমালা জুড়ে
নাটকের শেষ অঙ্কের অভিনয় চলে।

বিফলহয়েযায়_সব এক সময় ,দ্রোহের আগুন যায় নিভে
শীতল হাওয়ায় খসে পড়ে সমাজের গা হতে সভ্যতার বাকল
সেঁকে নেওয়া হয়নি কতকাল মনু সংহিতার লিপি
পথের ধূলায় ছড়িয়ে পড়েছে প্ল্যাকার্ডের অনুলিপি।

তবুও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সভ্য একটা সমাজ
বদলানো হয়নি আজ‌ও অ সভ্যতার হুঁশের পরিচয়
নতুন অধ্যায়ের সূচনা হবে হয়তো পুরাতনের বিদায় বেলায়
কনে দেখা আলোয় না হয় খুঁজে নেব আবার মনুষ্যত্বকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার