কলকাতা ✍ Final Exposer

পাঁচফোড়ন

পাঁচফোড়ন

সঙ্গীতা মুখার্জী (কলকাতা)

সকালবেলায় সপ্তম সুর
গিন্নির মেজাজ ভারি,
কর্তা রইলো মুখটি গুঁজে
চায়ের স্বাদে আড়ি।

ব্যাপার খানা বুঝতে গিয়ে
কর্তা নিলেন খোঁজ,
ভাইফোঁটাতে তার বোনেরা
করতে আসবে মৌজ।

রান্নাঘরে ফাটছে বোমা
কড়া খুন্তি ত্রস্ত,
বিপদ বুঝে কর্তা মশাই
পেপার হাতে ব্যস্ত।

বাক্যি নয়তো ইঁট বৃষ্টি
বললে আমার মা,
মেয়ে আমার আসলে ঘরে
ওনার জ্বলে গা।

মাসের মধ্যে কদিনই বা
শ্বশুর ঘরে থাকে,
বাপের ঘরের লোকটি এলে
দরজা বন্ধ রাখে।

জোর যার মুলক তার
যেই বললেন বাবা,
গিন্নি এসে ছেলের মুখে
বসিয়ে দিলে থাবা।

গিন্নি আমার এলেন ছুটে
চক্ষু পাকিয়ে গোল,
জানা আছে বাড়ির মেয়ের
মধুর কথার ভোল।

জামাইয়ের মা ঠাঁই পেয়েছে
নাম করা বৃদ্ধাশ্রমে,
নাহলে তাদের কিটি পার্টি
কেমন করে জমে।

হচ্ছেটা কি থামবে সবাই
কর্তা দিলেন ডোজ,
এমনি করেই ছুটির দিনটা
কাটছে আমার রোজ।

ঘরের বউ বললে কথা
কুল লঙ্কার আচার,
যাবোই চলে বাপের ঘরে
রইলো তোমার সংসার।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার