উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

চাঁদ মামা টিপ দিয়ে যা

চাঁদ মামা টিপ দিয়ে যা

মিষ্টি মণ্ডল (কান্দি, মুর্শিদাবাদ)

ছেলেবেলায় মা যখন সোহাগরাঙা ছড়া বলে চাঁদ মামাকে ডাকত,সে ডাক শুনে চাঁদ মামা কপালে অদৃশ্য টিপ এঁকে দিয়ে যেত।সোনা আলোয় রাঙা হয়ে উঠত শিশুমন।অতীতের পিছুটান কিংবা ভবিষ্যতের হাতছানি কোনোটাই ছিলনা তখন।নিজের ছন্দে উপভোগ করতাম মুহূর্তদের উপস্থিতকাল।

এখন বড় হয়েছি।মা আর চাঁদ মামাকে ডাকে না।সময়ের সাথে সাথে কৃত্রিম কপোট আবেশে ছেয়ে যায় চারপাশ।আমরাই সে সুযোগ করে দিই।ছেলেবেলায় মায়ের চোখের মনিতে মুখ দেখতাম,এখন আর্শিতে।রকমারি টিপের বাহারে মেকি সৌন্দর্য ছড়াই।কপালের এক পিঠ শোভাবর্ধন করে কিন্তু অন্য পিঠ অন্ধকার রয়ে যায়।কপালের দুই পিঠ রাঙানোর এলেম কৃত্রিম টিপের নেই।তার একদিকে কারুকার্যের বাহার অন্যদিকে আঠালো কুটিলতা।

এখন বিশাল আকাশের এক টুকরো চাঁদের দিকে তাকিয়ে আছি একদৃষ্টিতে।মনে মনে বলছি,"চাঁদমামা,আমার কপালে একটা টিপ দিয়ে যাবে?আমি যত্ন করে রেখে দেবো,সত্যি বলছি।"চাঁদমামা আমায় দেখে যেন হাসছে আর বলছে,"তুই বড় হয়েছিস,অবাধ্য হয়েছিস।তোর কপাল জুড়ে এখন কৃত্রিম টিপের চটচটে আঠা।আমার আলো আটকে যেতে পারে।"
F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার