কলকাতা ✍ Final Exposer

রূপান্তর

রূপান্তর

সঙ্গীতা কর (কলকাতা)

শোনো রক্তিম 'ভালোবাসি' বলার দরকার নেই
দীর্ঘদিনের তামাটে হৃদয়টাকে মাঝেমধ্যে নাড়াচাড়া করে দেখো শুধু
তিরিশ বছরের দাম্পত্য পার করে প্রেম স্মৃতি যদি ইলোরা হয়ে যায়
তাতে তোমার কোনো দোষ নেই
সে কেবল সময়ের রোগ!
এই দেখ না আমিও তো দিন দিন ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছি
কলেজে প্রথম দিন তোমায় দেখে যে উন্মাদনা ছিলো আজ তা ম্রিয়মাণ,
মাঝেমধ্যে পাতা উল্টাই তবে কি প্রেম ফুরিয়ে এসেছে?
চিরযৌবনা প্রেমের সাথে বয়সের তো কোনো সম্পর্ক থাকে না
তবে কেন এই প্রেম হীন রোগ?
হঠাৎ মনে পড়ে তোমার ফেরার সময় হয়েছে
বাথরুমের টাওয়াল, স্নানের জল আর হালকা টিফিন রেডি করতে হবে,
যদি তোমারও আমার মতো মনে হয় প্রেমহীন রোগ হয়েছে কি না
সেদিন উন্মত্ত কামনায় ভাসিয়ে দিও না আমায়,
একবার কাছে ডেকে ক্লান্ত চুলগুলো সরিয়ে দিতে দিতে বোলো 'নিজের খেয়াল রেখো ঠিকমতো'
দেখবে ইলোরার স্তূপ থেকে নেমে আসবে বর্তমান
ঝরা বসন্ত দূরে সরিয়ে আসবে কোকিলের কুহুতান,
তখনই বুকে কান পেতে শুনো অমর প্রেম ধ্বনি
আমাদের ফুটন্ত প্রেম বইছে শান্ত ভালোবাসা নামে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার