কলকাতা ✍ Final Exposer

অন্য ফাগুন

অন্য ফাগুন

সোমা নায়ক (যাদবপুর, কলকাতা)

সেদিন ছিল বাসন্তী পূর্ণমাসি
সান্ধ্যকালীন সময়টা ভীষণ উজ্জ্বল,
স্মৃতির কোঠরে যত্নে সাজানো সেক্ষণ
ভাবায় ভীষণ, আঁখি আজও ছলছল।

প্রেমিক ছলে আগমনে তুমি নির্ভয়
আকাশের চাঁদ আমিত্বে ছিল মগ্ন,
ভগবান বুঝি লিখেছিল হাসি মুখে
তোমার আমার মিলনের শুভলগ্ন।

আবীরের সাথে মিশ্রিত লাল রঙ
ঢেলেছিলে তুমি সিঁথির সোপান জুড়ে,
বুঝিনি সেদিন, মজ্জাতে মেশা সিঁদুর
যাবে না কখনো জীবনের পিছু ছেড়ে।

রঙ ধুয়ে গেছে জলের ধারায় মিশে
মুছল না শুধু স্মৃতির সে দিন আজও,
জলছবি যেন অমলিন হয়ে গচ্ছিত
রঙ, ধুলোপথ, কলঙ্ক চাঁদ, তুমিও।

জীবন জুড়ে কত না স্রোতের ধারা
কতশত মুখ শুরু থেকে শেষ প্রান্তে,
বিরহী রাধিকা, দায় শুধু তার একার
আজন্ম লালিত শ্যাম-প্রেম থাক অন্তে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার