কলকাতা ✍ Final Exposer

সময়ের অবসান

সময়ের অবসান

মধুছন্দা গাঙ্গুলী (কলকাতা)

জীবনের যত কাজ সাঙ্গ করবো আজ
সময় তো আর নেই বেশি,
মনের এই কলতান মুহূর্তের কৃপণ দান
জীবন যে আরও প্রত্যাশী।

নবীন রবির কর প্রভাতে আলোর ঝড়
এগিয়ে চলে ক্ষণে-ক্ষণে ,
দিনমান নড়েচড়ে পশ্চিমে হেলে পড়ে
অপরাহ্ন যায় অবসানে।

গোধূলির রঙের ছটা আঁধারের ঘনঘটা
জ্বালায় সাঁঝের দীপশিখা,
রাতের এই অন্ধকার করে যেন অঙ্গীকার
টেনে দেয় গভীর যবনিকা।

নিশার কালিমা ছায় সময় যে বয়ে যায়
চোখে তাকে যায় নাকো দেখা,
নিদ্রার আবেশে ঢলে যায় সে তিমির তলে
সময়ের অদেখা রেখা।

এ বিশ্ব চরাচর ধরা হতে ওই অম্বর
কালের কাছে দেয় যে ধরা,
সমাপ্তির দোলায় দুলে ধীরে ধীরে অস্তাচলে
জীবনের সকল ওঠা-পড়া।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার