উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

বালুরঘাট হাই স্কুলের পুরাতন মাঠে ফিতে কেটে শুরু হলো 'আফ্রিকান টারজান সার্কাস'

জয়দীপ মৈত্র: বালুরঘাট:- প্রায় দুই দশক পর বালুরঘাট শহরে এলো সার্কাস। এককালের সংস্কৃতিপ্রেমী শহরের মানুষ যেন নতুন করে ফিরে পেলেন সেই পুরোনো আমেজ। ২৫শে এপ্রিল সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে বালুরঘাটের বিডিও সম্বল ঝাঁ ও বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য বিপুল কান্তি ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বালুরঘাট হাই স্কুলের পুরাতন মাঠে ফিতে কেটে শুরু হলো  'আফ্রিকান টারজান সার্কাস'। 

জানা গিয়েছে, প্রায় এক মাস ধরে চলবে সার্কাস প্রদর্শনী। প্রথাগত সার্কাসের চেনা দৃশ্য থেকে কিছুটা আলাদা হলেও বিনোদনের দিক থেকে পিছিয়ে নেই হাতি ঘোড়া বিহীন এই সার্কাস। পশুপাখি ছাড়াই সম্পূর্ণ মানবকেন্দ্রিক এই প্রদর্শনীতে জিমন্যাস্টিক, জাগলিং, রিং খেলা, ব্যালান্সিং, বাইক স্টান্ট এবং এয়ার রাইফেল খেলায় সার্কাস শিল্পীদের দক্ষতায় মুগ্ধ দর্শক। প্রত্যেকটি পরিবেশনায় রয়েছে নিপুণতা ও সাহসিকতার নিদর্শন।

বালুরঘাটে দীর্ঘ সময় পর সার্কাস আসায়, শিশুদের আনন্দের পাশাপাশি, বয়স্ক দর্শকদের মনে ফিরে আসছে সেই হারিয়ে যাওয়া শৈশব। 

আফ্রিকান টারজান সার্কাসের ম্যানেজার মোল্লা সাদেক রহমান জানান,  প্রতিদিন তিনটি করে শো হবে। একমাস ব্যাপী চলবে প্রদর্শনী। তবে বর্তমানে তার কাছে হাতি ঘোড়া না থাকায়, শিশুদের কাছে বাঘ সিংহ হাতি ঘোড়ার সার্কাস শুধুমাত্র গল্পকথা। পশুপাখি না থাকায় সার্কাসের জৌলুস কমেছে। ফলে সার্কাস শিল্পী ও তাদের পরিবার আর্থিক দুর অবস্থার মধ্যে রয়েছে। এমত অবস্থায় সার্কাস কে বাঁচিয়ে রাখতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে আর্থিক সহযোগিতার আর্জি জানান তিনি। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার