উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

"প্লাস্টিক দূষণের অবসান, উপায়ে গাছ লাগান", এরমধ্য দিয়ে পরিবেশ দিবস পালন শিলিগুড়ি কলেজে

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি:- আজ ৫ জুন। ক্যালেন্ডারে নিরিখে বৃহস্পতিবার হলেও আজ বিশ্ব পরিবেশ দিবস। প্রতিবছর এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হ'ল পরিবেশ রক্ষা সম্পর্কে মানুষকে সচেতন ও সজাগ করা। প্রকৃতি ছাড়া মানুষের জীবন সম্ভব নয়। এমন পরিস্থিতিতে গাছ, গাছপালা, বন, নদী, হ্রদ, জমি, পাহাড়ের গুরুত্ব বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শহর শিলিগুড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটিকে যথাযথভাবে পালন করা হয়। শহরের অন্যতম বৈশিষ্ট্য বহনকারী শিক্ষাঙ্গণ শিলিগুড়ি কলেজেও এদিন দিনটিকে সামনে রেখে বৃক্ষরোপণের মধ্য দিয়ে উদযাপিত করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ সুজিত ঘোষ, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর তথা এদিন অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক ডঃ বিদ্যাবতি আগরওয়াল, কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর অমল রায় সহ বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা।

কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর তথা এদিন অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক ডঃ বিদ্যাবতি আগরওয়াল বলেন, "আজ বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আমরা ও এনএসএস-এর প্রাক্তনী সহ সকল ছাত্রছাত্রীরা শিলিগুড়ি কলেজের প্রাঙ্গণে একটি বকফুল ও দুটি বকুল গাছের চারা রোপণ করলাম। এর আগেও আমরা কলেজে গোলাপজামের চারা গাছ লাগিয়েছি। আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য হল, প্রকৃতিতে ভারসাম্য রক্ষা করা। কারণ আমরা মানুষরা নিজেদের জীবনকে যাপন করতে পারি, কিন্তু প্রচুর পশু পাখি আছে যারা প্রকৃতির কাছে নির্ভর। ঠিক তাদের কথা মাথায় রেখেই এই ধরণের গাছের চারা আজ রোপণ করা হল। আগামীতেও এধরণের প্রচুর কর্মকাণ্ড মাথায় রয়েছে।"

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার