উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বেসরকারি সংস্থার চুক্তি

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি:- উত্তরবঙ্গের শিল্পমুখী শিক্ষায় নতুন দিগন্ত। শিল্পের বাস্তব চাহিদার সঙ্গে প্রযুক্তি শিক্ষাকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে শিলিগুড়ি ইনস্টিটিউট অব টেকনোলজি (SIT) টয়োটা কির্লোস্কার মোটর প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে শিলিগুড়ি ইনস্টিটিউট অব টেকনোলজি ক্যাম্পাসে চালু হতে চলেছে টয়োটা টেকনিক্যাল এডুকেশন প্রোগ্রাম (T-TEP), যা শিক্ষার্থীদের জন্য শিল্পভিত্তিক, আধুনিক ও মানসম্মত প্রযুক্তিগত প্রশিক্ষণের নতুন সুযোগ সৃষ্টি করবে।

চুক্তি অনুযায়ী, শিলিগুড়ি ইনস্টিটিউট অব টেকনোলজি ক্যাম্পাসে টয়োটার আন্তর্জাতিক মানদণ্ডে সজ্জিত একটি অত্যাধুনিক ওয়ার্কশপ ল্যাবরেটরি গড়ে তোলা হবে। এই ল্যাবরেটরিতে আধুনিক যন্ত্রপাতি, প্রশিক্ষণ সরঞ্জাম ও শিক্ষণ সামগ্রীর মাধ্যমে শিক্ষার্থীরা অটোমোবাইল প্রযুক্তির বাস্তব প্রয়োগ সম্পর্কে সরাসরি হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। এর ফলে পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার সীমা ছাড়িয়ে শিক্ষার্থীরা শিল্পক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে।

প্রতিষ্ঠান সূত্রে খবর, এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে ব্যবহারিক শিক্ষাকে আরও কার্যকর করা। সেইসঙ্গে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধি করা এবং শিক্ষাব্যবস্থাকে বর্তমান শিল্পচর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলা। বিশেষজ্ঞদের মতে, এই ধরণের শিল্প–শিক্ষা সহযোগিতা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়াবে।

অন্যদিকে শিক্ষামহলের অভিমত, টয়োটা কির্লোস্কারের সঙ্গে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে শিলিগুড়ি ইনস্টিটিউট অব টেকনোলজি যেমন শিল্পমুখী ও ভবিষ্যৎ-প্রস্তুত প্রযুক্তি শিক্ষার পথে এগিয়ে গেল; সেইসঙ্গে উত্তরবঙ্গের বুকে শিল্পদ্যোগী চর্চা আরও দৃঢ় হয়ে উঠবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার