উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

মুকুট জয়ের লড়াই! শিলিগুড়িতে উত্তেজনায় ভরপুর এসআইটি চ্যালেঞ্জার্স কাপ ২০২৬ ভলিবল টুর্নামেন্ট

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি:- স্কুল ক্রীড়াক্ষেত্রে তীব্র প্রতিযোগিতার আবহে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজির উদ্যোগে বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, অনুষ্ঠিত হল একদিবসীয় ইন্টার-স্কুল অনূর্ধ্ব-১৯ নকআউট ভলিবল প্রতিযোগিতা ‘এসআইটি চ্যালেঞ্জার্স কাপ ২০২৬’। এসআইটি ক্যাম্পাসে আয়োজিত এই টুর্নামেন্টের শুরু থেকেই দর্শকদের সামনে উঠে আসে একের পর এক জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ।

প্রতিযোগিতার প্রথম ম্যাচে ফাঁসিদেওয়া হাই স্কুলের বিরুদ্ধে মাঠে নামে বুড়াগঞ্জ হাইস্কুল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিন সেটের ম্যাচে ২–১ সেটে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে বুড়াগঞ্জ হাইস্কুল। দ্বিতীয় ম্যাচে অমরজ্যোতি ইন্টারন্যাশনাল স্কুলের মুখোমুখি হয়ে শুরু থেকেই নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে ২–০ সেটে সহজ জয় নিশ্চিত করে আমবাড়ি হাইস্কুল। তৃতীয় ম্যাচে শিলিগুড়ি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, ডক্টর আম্বেদকর একাডেমির বিরুদ্ধে শুরু থেকেই আধিপত্য বজায় রেখে ২–০ সেটে ম্যাচ জিতে নেয়। দিনের চতুর্থ ম্যাচে রয়্যাল একাডেমি শালবাড়ি হাইস্কুলকে ২–০ সেটে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়।

এই ফলাফলের ভিত্তিতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, শিলিগুড়ি ও আমবাড়ি হাইস্কুল। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে বুড়াগঞ্জ হাইস্কুলের বিরুদ্ধে খেলতে নামে রয়্যাল একাডেমি। দুটি সেমিফাইনাল ম্যাচের ফলাফলের পর ট্রফি নির্ধারণের লড়াই গড়ায় ফাইনালে।

সবশেষে টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত ফাইনাল সেটে বুড়াগঞ্জ হাইস্কুলকে ১৫ - ১০ পয়েন্টে পরাজিত করে চলতি বছরের ‘এসআইটি চ্যালেঞ্জার্স কাপ ২০২৬ ভলিবল টুর্নামেন্ট' -এ সেরার সেরা হওয়ার গৌরব অর্জন করে শিলিগুড়ি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। রুদ্ধশ্বাস এই ফাইনাল ম্যাচে দুই দলের পারফরম্যান্সই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

আয়োজক সূত্রে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও দলগত চেতনার বিকাশই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্তৃপক্ষ জানিয়েছেন, শিক্ষা ও ক্রীড়ার সমন্বয়ে ভবিষ্যতেও এই ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার