কলকাতা ✍ Final Exposer

জনসংযোগে নতুন পদক্ষেপ শাসকদলের

জনসংযোগে নতুন পদক্ষেপ শাসকদলের

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

       রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ ও প্রচারের নয়া রণনীতি হিসাবে সাধারণ মানুষের কাছে দলের সঠিক বার্তা পৌঁছে দিতে নিজেদের মিডিয়া সেলকে সম্পূর্ণ ঢেলে সাজাল তৃণমূল কংগ্রেস। রাজ্যস্তরে ৪০ জনের পাশাপাশি প্রতিটি জেলায় অন্তত দু'জন করে মুখপাত্র নিয়োগ করা হচ্ছে। মূল লক্ষ্য বিরোধীদের যেকোনো কুৎসার মোকাবিলা করা এবং দলের অবস্থান আরও স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরা। 

     তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, ১২ ই মার্চ থেকেই সম্পূর্ণ নতুন রূপে কাজ শুরু করতে চলেছে শাসকদলের এই মিডিয়া সেল। বিভিন্ন ইস্যুতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য তৃণমূল ভবনে প্রতিদিন দলের মুখপাত্ররা উপস্থিত থাকবেন । এর জন্য একটি সুনির্দিষ্ট রুটিনও তৈরি করে দেওয়া হচ্ছে। ভোটের ময়দানে এরা দলের হয়ে সক্রিয়ভাবে প্রচারের মুখ হবেন ।

      এই প্রথম রাজ্যের প্রতিটি জেলায় তৃণমূলের পক্ষ থেকে দুই থেকে চারজন করে মুখপাত্র নিয়োগ করা হচ্ছে। স্থানীয় ইস্যুগুলি সম্পর্কে সংবাদমাধ্যম এবং সাধারণের কাছে দলের হয়ে মুখ খুলবেন। এখন দেখার তৃণমূল কংগ্রেসের এই নতুন রণনীতি কতটা সফল হয়।

       মুখপাত্রদের  তালিকায় দলের অভিজ্ঞ মন্ত্রী এবং সাংসদদের পাশাপাশি জায়গা পেয়েছেন ছাত্র ও যুব সংগঠনের প্রথম সারির নেতারাও।  নবীন-প্রবীণের মেলবন্ধনে তৈরি হচ্ছে এই নয়া টিম।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার