কলকাতা ✍ Final Exposer

রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় বড় সংস্কার: ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় বড় সংস্কার: ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

রিমা ঘোষ, ফাইনাল এক্সপোজার -:   

      রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে কেন্দ্রের বিভিন্ন জনমুখী প্রকল্পের সঙ্গে সমন্বয় করে নতুন রূপ দেওয়ার লক্ষ্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মাতৃ ও শিশু স্বাস্থ্য, ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগ মোকাবিলায় বিস্তৃত রোডম্যাপ তৈরি করা হয়েছে।

       ​মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার কেন্দ্রের প্রকল্পের সঙ্গে অসহযোগিতার পথ নেওয়ায় রাজ্যবাসী দীর্ঘকাল বঞ্চিত ছিল। প্রশাসনিক সমন্বয়ের অভাব দূর করে এখন অগ্রাধিকারের ভিত্তিতে কাজ শুরু হয়েছে। তিনি জানান, রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে নথিভুক্তকরণ শুরু হয়েছে এবং জুলাই মাস থেকে কার্ড বিতরণ করা হবে। স্বাস্থ্যসাথীর সুবিধাভোগীদের ধাপে ধাপে এর আওতায় আনা হবে। এছাড়া জুন মাসে দিল্লিতে ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’ চুক্তি স্বাক্ষরিত হবে, যার ফলে ভিনরাজ্যে থাকা বাঙালিরাও সুফল পাবেন।

        ​আগামী ৩০ মে বিধাননগর থেকে সার্ভাইকাল ক্যানসার প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিন কর্মসূচি শুরু হবে। পাশাপাশি ‘টিবি মুক্ত ভারত’ নিয়ে বিশেষ কর্মশালার কথাও তিনি জানান। 

        জনসাধারণের সুবিধার্থে বর্তমানে থাকা ১১৭টি জনঔষধি কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ৪৭০টি করার প্রস্তাব পাঠানো হয়েছে। এছাড়া কলকাতা, মুর্শিদাবাদসহ পাঁচ জেলায় শিশু মৃত্যুহার কমাতে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নতুন দিশা পাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার