কলকাতা ✍ Final Exposer

হাইভোল্টেজ বৈঠক: দায়িত্ব নিয়েই ‘অ্যাকশন মোডে’ মন্ত্রী অজয় কুমার পোদ্দার

হাইভোল্টেজ বৈঠক: দায়িত্ব নিয়েই ‘অ্যাকশন মোডে’ মন্ত্রী অজয় কুমার পোদ্দার

সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার -:

      পশ্চিমবঙ্গ সরকারের নবনিযুক্ত পূর্ত (PWD) এবং জনস্বাস্থ্য কারিগরি (PHE) দফতরের মন্ত্রী ড. অজয় কুমার পোদ্দার দায়িত্বভার গ্রহণ করেই পুরোদমে কাজের গতি বাড়াতে তৎপর হয়ে উঠেছেন। 

      বৃহস্পতিবার সল্টলেকের সেক্টর-৫-এ পিএইচই দফতরে পদভার গ্রহণের পর তিনি নবান্নে পূর্ত দফতরের রাষ্ট্রমন্ত্রী নাদিয়া চাঁদ বাউরি, সচিব অন্তরা আচার্য, রণধীর কুমার এবং শীর্ষ প্রকৌশলীদের নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন।

       ​মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ড. পোদ্দার স্পষ্ট করেন, ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ে এবং সর্বোচ্চ মান বজায় রেখে শেষ করতে হবে। পূর্ত দফতরের শূন্যপদগুলিতে দ্রুত নিয়োগের নির্দেশ দেওয়ার পাশাপাশি আসন্ন বর্ষার আগে জননিরাপত্তা রক্ষার্থে রাজ্যের সমস্ত ক্ষতিগ্রস্ত ও বেহাল রাস্তা দ্রুত মেরামতের নির্দেশ দেন তিনি। বিশেষত, তার নিজস্ব কেন্দ্র কুলটি, নিয়ামতপুর থেকে ডিসেরগড়, বরাকর এবং রানিগঞ্জের জরাজীর্ণ সড়কগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কারের কথা বলেন।

        ​অন্যদিকে, পিএইচই দফতরের আধিকারিকদের কড়া বার্তা দিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘হর ঘর নল সে জল’ প্রকল্প রাজ্যে ১০০ শতাংশ বাস্তবায়ন করাই তাঁর মূল লক্ষ্য। প্রতিটি ঘরে বৈষম্যহীনভাবে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে হবে। আধিকারিকদের স্বচ্ছতা ও ভয়মুক্ত পরিবেশে কাজ করার আহ্বান জানিয়ে তিনি সাফ জানান, পদমর্যাদা নয়, কর্মদক্ষতাই হবে যোগ্যতার একমাত্র মাপকাঠি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার