রেড রোডে যোগের জোয়ার: হাজারো মানুষের সঙ্গে যোগাভ্যাসে প্রধানমন্ত্রী
রিমা ঘোষ, ফাইনাল এক্সপোজার -:
বিশ্বজুড়ে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালনের আবহে রবিবার কলকাতার ঐতিহাসিক রেড রোড পরিণত হয়েছিল এক মিলনতীর্থে। এদিন রেড রোডে আয়োজিত দেশের প্রধান অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজার হাজার মানুষের সাথে যোগাসনে অংশগ্রহণ করেন। পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর এই কর্মসূচি ঘিরে শহরজুড়ে ছিল অভূতপূর্ব উৎসাহ।
ভোরবেলা থেকেই রেড রোড চত্বরে যোগপ্রেমীদের ভিড় উপচে পড়ে। প্রশাসনিক সূত্রে খবর, প্রায় ৩৫ হাজার মানুষ সরাসরি এই যোগাভ্যাসে অংশ নেন, পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে লক্ষাধিক মানুষ যুক্ত হয়েছিলেন। প্রধানমন্ত্রী মঞ্চে পৌঁছালে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যপাল আর এন রবি। ‘কমন যোগ প্রটোকল’ মেনে এদিন প্রধানমন্ত্রীকে সাধারণ মানুষের সঙ্গে নিখুঁতভাবে যোগাসন করতে দেখা যায়। যোগাভ্যাস শেষে তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এবারের যোগ দিবসের মূল বার্তা ছিল ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “যোগ কেবল শরীরচর্চার মাধ্যম নয়, এটি সামগ্রিক সুস্থতা ও মানসিক শান্তির উৎস।” তিনি যোগকে একটি বৈশ্বিক জনআন্দোলনে পরিণত করার ডাক দিয়ে ভারতের প্রাচীন যোগ ঐতিহ্যের বিশ্বজনীন স্বীকৃতির কথা তুলে ধরেন।
শনিবার হুগলির তারকেশ্বরে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পর, রবিবার রেড রোডের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি নৌযান জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এদিন কলকাতা শহরজুড়ে ছিল আলোকসজ্জা, সন্ধ্যায় ড্রোন প্রদর্শনী ও হুগলি নদীতে বিশেষ যোগাভ্যাসের আয়োজন। কঠোর নিরাপত্তায় মোড়া রেড রোডের এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি স্বাস্থ্য সচেতনতা ও যোগচর্চাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।



