কলকাতা ✍ Final Exposer

পশ্চিমবঙ্গ সরকারের প্রথম বাজেট ২০২৬: দশটি বড় ঘোষণা এক নজরে

পশ্চিমবঙ্গ সরকারের প্রথম বাজেট ২০২৬: দশটি বড় ঘোষণা এক নজরে

সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার-: 

       রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রথম বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দীর্ঘমেয়াদী উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার ওপর ভিত্তি করে তৈরি এই বাজেটে একাধিক যুগান্তকারী ঘোষণার প্রতিশ্রুতি রয়েছে। এক নজরে আজকের বাজেটের ১০টি বড় ঘোষণা:

​১. মহার্ঘ ভাতা (DA): রাজ্য সরকারি কর্মচারী ও পেনসন প্রাপকদের জন্য ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, ফলে মোট ডিএ দাঁড়াচ্ছে ৩৮ শতাংশ। ১ অক্টোবর থেকে এটি কার্যকর হবে।

​২. নতুন প্রশাসনিক পরিকাঠামো: রাজ্যে পাঁচটি নতুন জেলা—কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ গঠিত হবে। এছাড়া ১০টি নতুন পুরসভা এবং চারটি জেলায় বিমানবন্দর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

​৩. সরকারি নিয়োগ: রাজ্যজুড়ে সরকারি দপ্তরে ১ লক্ষ শূন্যপদ পূরণের ঘোষণা হয়েছে। এর মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। নিয়োগ তালিকায় রয়েছে ২০ হাজার পুলিশ কর্মী ও ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকা।

​৪. ভাতা বৃদ্ধি: সামাজিক সুরক্ষা প্রকল্পে বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের মাসিক পেনশন ৫০০ টাকা বাড়ানো হয়েছে। সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ ও হোমগার্ডদের ভাতা ২ হাজার টাকা এবং আশা কর্মীদের ভাতা ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে।

​৫. যুব কল্যাণ (ভরসা কর্মসূচি): বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা’ প্রকল্প ঘোষণা করা হয়েছে। স্নাতক বেকারদের মাসে ৩০০০ টাকা ও অন্যান্য যোগ্য আবেদনকারীদের ২০০০ টাকা ভাতা দেওয়া হবে।

​৬. মহিলাদের ক্ষমতায়ন: অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গর্ভবতী মায়েদের ২১ হাজার টাকা আর্থিক সহায়তা ও পুষ্টি কিট দেওয়া হবে। অবিবাহিত ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য এককালীন ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করা হয়েছে।

​৭. শিক্ষাক্ষেত্রে উন্নয়ন: আদর্শ বিদ্যালয় তৈরিতে ২১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। শিলিগুড়িতে আইআইটি ও আইআইএম তৈরির প্রস্তাব রয়েছে। এছাড়া প্রতিটি জেলায় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফ্রি কোচিং সেন্টার খোলা হবে।

​৮. স্বাস্থ্য পরিষেবা: উত্তরবঙ্গে নতুন এইমস ও ক্যান্সার হাসপাতাল তৈরির ঘোষণা হয়েছে। এছাড়া সুন্দরবনে চালু হবে মোটর বোট অ্যাম্বুলেন্স পরিষেবা।

​৯. শিল্পায়ন: উত্তর ও পশ্চিমাঞ্চলে বৈদ্যুতিক গাড়ির কারখানা, শিলিগুড়িতে লজিস্টিক হাব ও আইটি পার্ক এবং দুর্গাপুরে সেমি-কন্ডাক্টর ইউনিট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

​১০. ঐতিহ্য ও পর্যটন: রাজ্যজুড়ে শক্তিপীঠ সার্কিট গড়ে তোলা হবে। ঐতিহ্য রক্ষায় হেরিটেজ কমিশন গঠন করা হয়েছে এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি সংরক্ষণের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার