কলকাতা ✍ Final Exposer

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে হাইকোর্টে তৃণমূল, দ্রুত শুনানির আর্জি খারিজ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে হাইকোর্টে তৃণমূল, দ্রুত শুনানির আর্জি খারিজ

সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার -: 

       দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আচমকাই ‘ডেবিট ফ্রিজ’ হওয়ার ঘটনায় বড়সড় সংকটে পড়েছে তৃণমূল কংগ্রেস। ওই অ্যাকাউন্টগুলিতে মোট ৪৪০ কোটি টাকা রয়েছে বলে জানা গেছে। এই আর্থিক অচলাবস্থার জেরে দলের দৈনন্দিন কাজকর্ম থমকে যাওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট শিবির। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিষয়টি উত্থাপন করা হলেও, আদালত মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে।

     ​উল্লেখ্য, দলের অভ্যন্তরীণ কোন্দলের আবহে এই অ্যাকাউন্টগুলি নিয়ে দুই শিবিরের লড়াই চরমে পৌঁছেছে। সম্প্রতি তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে দলের অ্যাকাউন্টগুলিতে লেনদেন বন্ধ রাখার আর্জি জানিয়েছিলেন। এর পাশাপাশি, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামী ১০ জন বিদ্রোহী বিধায়ক বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান। তাঁদের দাবি, অ্যাকাউন্টগুলিতে অবৈধ উপায়ে অর্জিত অর্থ বা ‘কাটমানি’ থাকতে পারে, যার তদন্ত প্রয়োজন। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই বেসরকারি ব্যাঙ্কের তিনটি অ্যাকাউন্টে ‘ডেবিট ফ্রিজ’ কার্যকর করে।

    ​তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে আপাতত আদালতের নির্দেশে কোনো অন্তর্বর্তীকালীন স্বস্তি না মেলায়, আপাতত ওই অ্যাকাউন্টগুলি থেকে কোনো লেনদেন করতে পারবে না তৃণমূল। মামলার পরবর্তী আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার