নতুন মদের লাইসেন্স নীতি: শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানের ১ কিলোমিটারের মধ্যে নিষিদ্ধ
সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার -:
পশ্চিমবঙ্গ সরকারের ২০২৬-২৭ সালের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে মদের দোকানের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে একগুচ্ছ কঠোর বিধিনিষেধ ঘোষণা করল বিজেপি সরকার।
সোমবার বিধানসভায় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, জনস্বার্থ ও সামাজিক পরিবেশের কথা মাথায় রেখে এখন থেকে রাজ্যের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং ধর্মীয় স্থাপনার ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আর কোনো নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না।
তবে মহানগরীর ঘনবসতিপূর্ণ কাঠামোর কথা মাথায় রেখে কলকাতা পৌরসংস্থা (KMC) এলাকার ক্ষেত্রে এই দূরত্বসীমা কমিয়ে ৫০০ মিটার নির্ধারণ করা হয়েছে। সরকারের এই নজিরবিহীন সিদ্ধান্তকে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছে প্রশাসনিক মহল।
অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, এই নিয়ম মূলত নতুন লাইসেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে বিদ্যমান দোকানগুলির অবস্থান ও সংবেদনশীল এলাকার পরিস্থিতি পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় স্থানগুলিকে মাদকদ্রব্যের প্রভাব থেকে মুক্ত রাখাই এই নতুন আবগারি নীতির মূল লক্ষ্য। সরকারের এই কঠোর অবস্থানের ফলে ভবিষ্যতে মদের দোকানের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে নিয়মের কড়াকড়ি যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।
