রিমা ঘোষ, ফাইনাল এক্সপোজার -:
রাজ্যে পালাবদলের পর মহিলাদের জন্য ঘোষিত ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন নবনিযুক্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর তিনি জানান, এবার থেকে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন করা হচ্ছে। প্রক্রিয়াকে স্বচ্ছ ও গতিশীল করতে একটি ব্যবহারবান্ধব পোর্টাল তৈরির নির্দেশ দিয়েছে নগরোন্নয়ন ও মহিলা ও শিশু কল্যাণ দপ্তর। মন্ত্রী স্পষ্ট করেছেন, গ্রামীণ এলাকার স্বল্প শিক্ষিত মহিলারাও যাতে কারো সাহায্য ছাড়াই সহজে আবেদন করতে পারেন, সেই ভাবেই পোর্টালটি ডিজাইন করা হচ্ছে। এতদিনকার ‘দুয়ারে সরকার’ নির্ভরতা কাটিয়ে সরাসরি পরিষেবায় জোর দিচ্ছে সরকার।
অগ্নিমিত্রা পাল জানান, আগামী ১ জুন থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি (DBT) টাকা পাঠানো শুরু হবে। পূর্ববর্তী ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর উপভোক্তারা স্বয়ংক্রিয়ভাবেই এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন। তবে সরকারি অর্থের অপব্যবহার রুখতে তথ্যের বিশেষ যাচাইকরণ করা হবে। মৃত বা অযোগ্য ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত উপভোক্তাদের কাছে দালালমুক্ত স্বচ্ছ পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য।

