আসানসোলে ঝড়ে লণ্ডভণ্ড জনজীবন: বিদ্যুৎহীন এলাকা

আসানসোলে ঝড়ে লণ্ডভণ্ড জনজীবন: বিদ্যুৎহীন এলাকা

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

​      কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড আসানসোল শিল্পাঞ্চল। বুধবার সন্ধ্যার প্রবল ঝড়ে শহরের বিভিন্ন প্রান্তে গাছ উপড়ে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে খারাপ পরিস্থিতি আসানসোলের বোতল মসজিদ ও উমারানি গড়াই মহিলা কল্যাণ স্কুল সংলগ্ন এলাকায়। সেখানে বিদ্যুতের খুঁটির  উপর বিশালাকার গাছ ভেঙে পড়ায় বুধবার বিকেল থেকে টানা প্রায় ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন বাসিন্দারা।​পরিষেবা স্বাভাবিক করার দাবিতে বৃহস্পতিবার সকালে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। উমারানি গড়াই স্কুলের সামনে জিটি রোডের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এর ফলে ব্যস্ততম এই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়।

         বিক্ষোভে নেতৃত্ব দিয়ে স্থানীয় তৃণমূল নেতা রবিউল ইসলাম অভিযোগ করেন, “বারবার বিদ্যুৎ দপ্তরে জানানো সত্ত্বেও কোনো আধিকারিক ঘটনাস্থলে আসেননি। প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে।” তার দাবি, কিছু আধিকারিকের গাফিলতির কারণে রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

         অন্যদিকে, বিদ্যুৎ দপ্তরের দাবি, ঝড়ে একাধিক জায়গায় তার ছিঁড়ে যাওয়ায় মেরামতির কাজে সময় লাগছে। তবে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দ্রুত গাছ সরিয়ে বিদ্যুৎ সংযোগ ফেরানো না হলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *