সঙ্গীতা কর (কলকাতা)

আমি ক্ষমা করে দিয়েছি সেই অর্ধনগ্ন মেয়েটিকে
যে মেয়েটি সত্যের আয়নায় নিজেকে প্রতিস্থাপিত না করে আমার লেখাকে নগ্নতার তকমা দিতে চেয়েছে
আমি তাকে ক্ষমা করে দিয়েছি
ক্ষমা করে দিয়েছি আপনাদেরই সাহায্যে যাঁরা সেই লেখায় শিল্প খুঁজে নিয়েছেন
আমি বুঝেছি সত্যকে গ্রহণ করার ক্ষমতা সবার থাকে না।
আমি ক্ষমা করে দিয়েছি সেই সমালোচককেও
যিনি সুপুরুষের স্বপক্ষে লেখার জন্য কদর্যভাবে আক্রমণ করেছেন
আমি ধরে নিয়েছি তিনি বাইরে থেকে প্রতিবাদের আগুন জ্বালাতে চাইলেও ভিতরে আসলেই অসহায়
যে মুখে তিনি প্রত্যেক পুরুষকে ধর্ষক বলেন সেই মুখেই চুম্বন গ্রহণ করেন স্বামীর
আমি তাঁকে ক্ষমা করেছি তাঁর অসহায়তার জন্য
বিন্দুমাত্র সহানুভূতি কিনতে গিয়ে তিনি নিজের ব্যক্তিত্ব বহির্ভূত অভিনয় করেন দেখে।
আমি ক্ষমা করে দিয়েছি সেই মানুষের পোশাকে থাকা প্রাণীকে
যিনি ধর্মের নামে গোঁড়ামী প্রচার করেন
যিনি নিজের ধর্মকে বড় দেখাতে গিয়ে অন্য ধর্মকে আক্রমণ করেন
আমি ক্ষমা করে দিয়েছি তাঁকে অজ্ঞ ভেবে
তাঁর সংকীর্ণ মনে অন্য কারো জায়গা থাকতে পারে না জেনে
ক্ষমা করে দিয়েছি আপনাদের অনেকের ভালোবাসায় সিক্ত হয়ে।
আমি ক্ষমা করে দিয়েছি তাকেও যে অকারণে আমাকে আঘাত করতে চেয়েছে
তাকে ক্ষমা করেছি তার দুর্বলতা দেখে
অতিদুর্বল না হলে কেউ অন্যের ক্ষতি সাধন চিন্তা করে না বুঝে,
আমি ক্ষমা করে দিয়েছি আমাকে আঘাত করতে চাওয়া প্রতিটি অবয়বকে
কারণ প্রতি মুহূর্তে তাদের নিক্ষিপ্ত তীর প্রতিহত করে আমি করে বাঁচতে শিখেছি
তাদের জন্যই আমার কাছে নতুন হয়ে উঠেছে প্রতিটি দিন।
