রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
জমির বিনিময়ে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি ও পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল। জোয়ালভাঙা গ্রামের বাসিন্দা খগেন্দ্রনাথ মণ্ডলের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।
অভিযোগকারী খগেন্দ্রনাথ মণ্ডলের দাবি, সোনপুর বাজারি এলাকায় জমির বদলে চাকরির ব্যাপারে নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাথে যোগাযোগ করেন তিনি। অভিযোগ, ১৫ জন যুবককে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাথাপিছু ২ লক্ষ টাকা হিসেবে মোট ৩০ লক্ষ টাকা দাবি করা হয়েছিল। বিশ্বাস করে খগেন্দ্রনাথ বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করে অগ্রিম হিসেবে ২০ লক্ষ টাকা হস্তান্তর করেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও চাকরি মেলেনি। অবশেষে প্রতারিত হওয়ার আশঙ্কায় তিনি পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করে টাকা ফেরতের দাবি জানিয়েছেন।
সম্প্রতি নরেন্দ্রনাথ চক্রবর্তী পুলিশের কাছে আত্মসমর্পণের যে বার্তা দিয়েছিলেন, তা ঘিরে ব্যাপক আলোচনা হয়েছিল। এবার নিজের নামেই থানায় প্রতারণার অভিযোগ ওঠায় চাপে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও নরেন্দ্রনাথ এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেননি। পুলিশের তদন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।




