দেন্দুয়ায় শ্রমিক অসন্তোষ: গঙ্গাজল ছিটিয়ে অভিনব প্রতিবাদ

দেন্দুয়ায় শ্রমিক অসন্তোষ: গঙ্গাজল ছিটিয়ে অভিনব প্রতিবাদ

​ রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

        বেতন বৃদ্ধি ও উপযুক্ত কর্মপরিবেশের দাবিতে আসানসোলের দেন্দুয়ায় শ্রমিক অসন্তোষের জেরে উত্তেজনা ছড়াল। শুক্রবার সালানপুর থানার ‘এলোকুয়েন্ট স্টিল প্রাইভেট লিমিটেড’ কারখানার গেটে গঙ্গাজল ছিটিয়ে অভিনব প্রতিবাদ জানান কর্মরত শ্রমিকরা। আন্দোলনকারী নেতা অমর মাহাতোর নেতৃত্বে এই বিক্ষোভে সামিল হন কয়েকশো শ্রমিক।

       ​শ্রমিকদের প্রধান অভিযোগ, দীর্ঘক্ষণ কাজ করালেও তারা ন্যায্য মজুরি পাচ্ছেন না। তাদের দাবি— বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি, দৈনিক ৮ ঘণ্টা কাজ এবং কারখানার ভেতরে উপযুক্ত সুরক্ষা সামগ্রী নিশ্চিত করতে হবে। অমর মাহাতো জানান, রাজ্যে সরকার পরিবর্তনের পর শ্রমিকরা এখন তাদের ন্যায্য অধিকার আদায়ে অনড়। আগে এখানে সিন্ডিকেট রাজের মাধ্যমে শ্রমিক শোষণ চলত বলেও তিনি তোপ দাগেন।

   পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়। কারখানা কর্তৃপক্ষ স্মারকলিপি গ্রহণ করে দ্রুত আলোচনার আশ্বাস দিয়েছে। তবে সাত দিনের মধ্যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *