নিহতের বাড়িতে অধীর:  তৃণমূলকে তীব্র আক্রমণ, হুঁশিয়ারি হাইকোর্টের

নিহতের বাড়িতে অধীর:  তৃণমূলকে তীব্র আক্রমণ, হুঁশিয়ারি হাইকোর্টের

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

​      আসানসোলে নৃশংসভাবে খুন হওয়া দেবদীপ চ্যাটার্জ্জীর পরিবারের পাশে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সোমবার বিকেলে সেনরেল রোডের নব অনন্যা কমপ্লেক্সে নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। পনেরো মিনিটের একান্ত আলাপচারিতায় মৃতের স্ত্রী ও শিশু সন্তানকে ন্যায়বিচারের সবরকম আশ্বাস দেন অধীরবাবু।

        ​সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী অভিযোগ করেন, “পশ্চিমবঙ্গে ভোট মানেই হিংসা ও রক্তপাত, যার মূল কারিগর তৃণমূল কংগ্রেস।” তার দাবি, ​”রাজ্য পুলিশের একাংশ ইচ্ছাকৃতভাবে  কেন্দ্রীয় বাহিনীকে ভুল পথে চালিত করছে। ​ময়নাতদন্তের রিপোর্ট প্রভাবিত করার চেষ্টা চলছে যাতে অভিযুক্তরা আইনি ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারে। ​ঘটনার পেছনে প্রভাবশালী দুষ্কৃতীদের হাত রয়েছে।”

       ​তিনি স্পষ্ট জানান, “কংগ্রেস এই মামলাটিকে উচ্চ আদালত পর্যন্ত নিয়ে যাবে এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই থামবে না। খোদ রাহুল গান্ধীও এই ঘটনার নিন্দা জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।”

        ​গত ২৪ এপ্রিল রাতে স্ত্রী ও সন্তানকে নিয়ে ফেরার পথে ভগত সিং মোড় ও পাঁচপুলিয়া রেল টানেলের কাছে আক্রান্ত হন দেবদীপ চ্যাটার্জ্জী। নিজের আবাসনের সামনেই তাকে বেধড়ক মারধর করা হয়, যার জেরে তার মৃত্যু ঘটে। পুলিশ ইতিমধ্যেই শুভদীপ মণ্ডল, রবিউল আলম ও মহম্মদ আরমান নামে তিনজনকে গ্রেপ্তার করে ১০ দিনের হেফাজতে নিয়েছে। 

         আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত এগোচ্ছে। ভোটের আবহে এই খুনের ঘটনায় অধীর চৌধুরীর সফর শিল্পাঞ্চলের রাজনৈতিক উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *