জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
গত ১৬ই মে পূর্ব মেদিনীপুরের সাংস্কৃতিক অঙ্গনে শুরু হলো এক নতুন অধ্যায়ের। মেচেদার ‘মিটেল’ নামক একটি বেসরকারী রিসর্টে এক আন্তরিক পরিবেশে ‘পশ্চিমবঙ্গ শিল্পী মহল’-এর রাজ্য কমিটি গঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রসঙ্গত সংস্থাটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমাজসেবামূলক কাজের পাশাপাশি সাংস্কৃতিক জগতে নিজেদের কর্মদক্ষতার বিশেষ ছাপ রেখে চলেছে।
এই সভায় বিশিষ্ট সমাজসেবী, লেখক, চিত্রনাট্যকার তথা পরিচালক সমীর পণ্ডিতকে সংগঠনের ‘প্রধান উপদেষ্টা’ পদে বরণ করে নেওয়া হয়। সংগঠনের সভাপতি যোগিন্দর সিং ও সম্পাদক সন্দীপ পণ্ডা জানান, সর্বসম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের মুখপাত্র প্রিয়াঙ্কা মিশ্র জানান, তাদের মূল লক্ষ্য সুস্থ সংস্কৃতির প্রসার, দুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানো এবং শিশু শিল্পীদের সংস্কৃতিমনস্ক করা। এছাড়া সমাজসেবামূলক কাজ তো আছেই।
সম্মাননা পেয়ে সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমীর পণ্ডিত বলেন,” সামাজিক মূল্যবোধ গঠনে শিল্প-সংস্কৃতির ভূমিকা অপরিসীম। আমাদের লক্ষ্য আগামীদিনে আমাদের কর্মকাণ্ড রাজ্যের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়া।”
অনুষ্ঠানে কমিটির সদস্য সঙ্গীতা ভট্টাচার্য ও মৌ দোলুই বর্তমান সাংস্কৃতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা স্পষ্ট জানান, ইদানীং অনুষ্ঠানের নামে মুক্ত মঞ্চে যে নোংরামি শুরু হয়েছে সেটা এবার বন্ধ হওয়া দরকার। ভারতীয় সংস্কৃতিকে বাঁচাতে জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত তারা কাজ করবেন এবং এই অবক্ষয় রোধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাই হবে সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। তাদের আশা সমাজের সমস্ত সুস্থ সংস্কৃতিমনস্ক মানুষ তাদের পাশে থাকবেন।

