সংবাদদাতা, কলকাতা -:
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও-র উপস্থিতিতে বিশ্বকাপ ফুটবল-২০২৬ এর সম্পূর্ণ ক্রীড়াসূচি প্রকাশ করল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। ১১ ই জুন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ভারতীয় সময় রাত সাড়ে ১২ টায় (ইংরেজি মতে ম্যাচ শুরু ১২ জুন) বিশ্বকাপ ফুটবল শুরু হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। দুটি সেমিফাইনাল হবে ডালাস ও আটলান্টায় যথাক্রমে ১৪ ই ও ১৫ ই জুলাই। মায়ামিতে ১৮ ই জুলাই হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ১৯ শে জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্যায়ের ম্যাচ এবং সেই সঙ্গে ৩৯ দিনের আসরের সমাপ্তি ঘটবে। ৪৮ টি দল এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং দলগুলিকে ১২ টি গ্রুপে ভাগ করা হয়েছে। মোট ম্যাচ হবে ১০৪ টি। প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। গ্রুপ পর্বের ম্যাচগুলি লিগ ভিত্তিক হলেও পরবর্তী পর্বের ম্যাচগুলি নকআউট পদ্ধতিতে হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল পরবর্তী পর্বে অংশগ্রহণ করবে। ব্রাজিল প্রথম মাঠে নামবে ১৪ ই জুন ভোর সাড়ে ৩ টের সময় এবং আর্জেন্টিনা ১৭ ই জুন সকাল সাড়ে ৬ টায়। এই প্রথম তিনটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর ১৬ টি ভেন্যুতে ম্যাগুলি অনুষ্ঠিত হবে।