অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
বারাবনী বিধানসভা কেন্দ্রের পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতের নয়াবস্তি, গান্ধীনগর, বি ব্লক ও কদমতলা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব-অভিযোগ শুনলেন বিজেপি যুব নেতা অভিজিৎ রায়। মূলত দীর্ঘদিনের পানীয় জল সংকট ও বেহাল নিকাশি ব্যবস্থাকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ্যে এসেছে।
অভিজিৎ রায়ের অভিযোগ, গত ১৫ বছর ধরে তৃণমূল সরকারের উদাসীনতায় স্থানীয় বাসিন্দারা মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত। তিনি জানান, বারাবনীর বিধায়ক অরিজিৎ রায়ের নির্দেশেই তিনি এলাকায় গিয়েছেন এবং সমস্যার দ্রুত সমাধানে তৎপর হয়েছেন। এলাকাবাসীর অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তিনি ঘটনাস্থলেই জনস্বাস্থ্য কারিগরি (PHE) বিভাগের আধিকারিকদের ডেকে পাঠন এবং এলাকাটি পরিদর্শন করান।
PHE প্রকৌশলীরা এলাকা ঘুরে দেখার পর আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। এলাকা পরিদর্শনের সময় বিজেপি নেতাকে স্থানীয়রা ব্যাপক সমর্থন জানান। দ্রুত পানীয় জলের সমস্যার সুরাহা হবে—এই আশায় এখন প্রহর গুণছেন বারাবনীর সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।





