অন্ডালে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

অন্ডালে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

অনন্ত রুইদাস, অন্ডাল:-

আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে নাশকতা রোধ ও বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারিতে রয়েছে পুলিশ প্রশাসন। তারই অংশ হিসেবে বুধবার দুপুর প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ অন্ডালের চনচনি এলাকায় উখড়া ফাঁড়ির পুলিশ নাকা চেকিং চালায়।
এই সময় সন্দেহভাজন এক বাইক আরোহীকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে উদ্ধার হয় নগদ ২ লক্ষ ৭৩ হাজার টাকা। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ভোট ঘোষণা হওয়ার পর একসঙ্গে ৫০ হাজার টাকার বেশি নগদ বহনে নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিয়ম ভঙ্গ করে এত টাকা বহনের সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় পুলিশ টাকাগুলি বাজেয়াপ্ত করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি দুর্গাপুর ফরিদপুর ব্লকের পাটশাওড়া গ্রামের বাসিন্দা প্রবীর চক্রবর্তী। পেশায় তিনি পোস্ট অফিসের এজেন্ট। তার দাবি, গ্রাহকদের জমা করা টাকা তিনি সংগ্রহ করে নিয়ে যাচ্ছিলেন এবং এর পেছনে কোনও অসৎ উদ্দেশ্য নেই।
তবে পুলিশ জানিয়েছে, প্রযোজ্য নথিপত্র ও বৈধ প্রমাণ পেশ করতে পারলে প্রশাসনের কাছে আবেদন করে ওই টাকা ফেরত পাওয়া যাবে। অন্যথায় বাজেয়াপ্ত অর্থ সরকারি খাতে জমা করা হবে।
ভোটের প্রাক্কালে এত বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *