অনন্ত রুইদাস, অন্ডাল:-
বিনা অনুমতিতে বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল অন্ডালের সঁকরা গ্রাম এলাকায়। শুক্রবার সকাল প্রায় ১১টা নাগাদ এই ঘটনাকে ঘিরে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে হাতাহাতির ঘটনায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। ঘটনায় তিনজনকে আটক করে অন্ডাল থানায় নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের কিছু কর্মী বিজেপির পতাকা হাতে নিয়ে বিজয় মিছিল করছিল। এই নিয়ে প্রতিবাদ জানাতে গেলে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। রানীগঞ্জ ৪ নম্বর মন্ডলের বিজেপি সভাপতি রাখাল চন্দ্র দাস বলেন, “বিজয় মিছিল হচ্ছিল অথচ আমি জানতামই না। তৃণমূলের লোকেরা বিজেপির ঝান্ডা নিয়ে মিছিল করছিল। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের মারধর করা হয়। আমাদের তিনজন আহত হয়েছেন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।”
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকে এলাকায়। স্থানীয় বিজেপি নেতৃত্ব আরও অভিযোগ করে বলেন, “যদি কোনও তৃণমূলের লোক বিজেপিতে এসে মাতব্বরি করতে আসে, তাহলে সাধারণ মানুষ আওয়াজ তুলুন। অন্ডালবাসীর সঙ্গে আমরা আছি। কোনও তৃণমূল নেতা বা কর্মীকে বিজেপিতে ঢুকতে দেওয়া হবে না।”
ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।



