রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
কুলটির নিয়ামতপুর ফাঁড়ি এলাকার ড্যাডি গ্রাউন্ডের নর্দমা থেকে ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মী অপরাধ বাউরি (৬১)-র দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পরিবারের অভিযোগের ভিত্তিতে অশোক নুনিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ধৃতকে আসানসোল জেলা আদালতে তোলা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নর্দমা থেকে অপরাধবাবুর দেহ উদ্ধার হয়। মৃতের মেয়ে আশা বাউরির অভিযোগ, ধৃত অশোক নুনিয়া সুদের কারবার চালাতেন। তার বাবা অশোকের থেকে ঋণ নিয়েছিলেন। পরিবারের দাবি, অশোকই অপরাধবাবুকে নিয়মিত মদ্যপান ও নেশা করাতেন। ঘটনার দিনও অশোকই তাঁকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। পরদিন তিনিই পরিবারকে নর্দমায় দেহ পড়ে থাকার কথা জানান।
এই ঘটনার প্রতিবাদে শুক্রবার স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। এসিপি (কুলটি) জাভেদ হুসেনের নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ, ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছে।

